সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিল কচুরিপানায় ঢাকা পড়েছে। বিলের কোথাও এখন আর পানি চোখে পড়ছে না। যতদূর চোখ যায় শুধুই কচুরিপানা। এক কথায় গোটা গাজনার বিল এখন কচুরিপানায় ঢাকা। এর ফলে দূষিত হচ্ছে পানি। মারা যাচ্ছে বিলের মাছ। উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, গাজনার বিল দেশের দ্বিতীয় বৃহত্তম বিল। এই বিলে বর্ষা মৌসুমে আশ-পাশের এলাকার শত শত পর্যটক নৌ-ভ্রমণ করতে আসেন। তাছাড়া বিলটিতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে মাছ উত্পাদন হয়। সেই সঙ্গে প্রত্যেক বছর সরকারিভাবেও বিলে প্রচুর পরিমাণে পোনামাছ অবমুক্ত করা হয়। অথচ গুরুত্বপূর্ণ এ বিলের খয়রান, দুর্গাপুর, বামুন্দি, পাইকপাড়া, চরদুলাই, উলাট এবং বোনকোলসহ ১০/১৫টি পয়েন্টে ব্যাপকভাবে কচুরিপানা বেড়ে উঠেছে। কচুরিপানার কারণে বিলে মত্স্যজীবীদের নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া অত্যাধিক কচুরিপানার কারণে পানি দূষিত হয়ে পড়ছে। এতে মাঝে-মধ্যেই বিলে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে বলে স্থানীয় মত্স্যজীবীরা জানিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, শুষ্ক মৌসুমে সরকারিভাবে বিল থেকে কচুরিপানা পরিষ্কার বা অপসারণ করার উদ্যোগ নেওয়া হবে।
