থানায় হাসিমুখে মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পায় ------------------ আইজিপি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

বিশেষ প্রতিনিধি

পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, একজন মানুষ নিরুপায় হয়েই থানায় যায়। হয়তো তার সব সমস্যার সমাধান নাও দিতে পারেন, কিন্তু তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কী করতে হবে বুঝিয়ে বলুন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন। থানায় এসে হাসিমুখে মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পায়, এই প্রয়াস যেন অব্যাহত থাকে। গতকাল বুধবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের মূল কাজ মানুষের মনে স্থান করে নেওয়া। মানুষের পুলিশ ভীতি দূর করে আস্থা অর্জন করতে পারাই আমাদের স্বার্থকতা। সে লক্ষ্যে পুলিশকে কাজ করতে হবে।

আইজিপি বলেন, ডিএমপি হচ্ছে পুলিশের আয়না। একটি আয়নায় যেমন মানুষের প্রতিচ্ছবি  দেখা যায়, তেমন পুলিশ কী, সেটা ডিএমপিকে দেখলেই বোঝা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা জনবান্ধব পুলিশ গঠন করতে পেরেছি। যার ফলে ঢাকায় অপরাধের মাত্রা এখন অনেক কম।