বেলকুচিতে যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:২২

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচিতে যমুনা নদীতে শনিবার গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র নাঈমের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করেন রাজশাহী ফায়ার সার্ভিসের একদল ডুবুরি। মৃত নাঈম উপজেলার চন্দনগাঁতি গ্রামের নূর নবীর ছেলে। সে সরকারি সোহাগপুর এস কে পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ফায়ার ফাইটার মুমিনুর রহমান জানান, ঐ ছাত্র নিখোঁজ হওয়ার পর রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরি দল ও বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে রবিবার সকালে লাশ উদ্ধার করা হয়। পরে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।