ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯২টির বা ৭৭ দশমিক ৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস ফাস ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর শূন্য দশমিক ৮০ টাকা বা ১০ দশমিক ৬৬ শতাংশ কমেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিবিএসের ১০ দশমিক ৩২ শতাংশ, একটিভ ফাইনের ৯ দশমিক ৯৬ শতাংশ, আজিজ পাইপসের ৯ দশমিক ৮৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ৭৪ শতাংশ, এ্যাপোলো ইস্পাতের ৯ দশমিক ১৮ শতাংশ, রিংশাইনের ৯ দশমিক ০৯ শতাংশ, এএফসি এগ্রোর ৮ দশমিক ৮৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮ দশমিক ২২ শতাংশ এবং দেশ গার্মেন্টসের শেয়ার দর ৮ দশমিক ২২ শতাংশ কমেছে।
