জাবিতে সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১:৩৪

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ‘বাংলার সংস্কৃতি বাঁচাও সাম্প্রদায়িকতা রুখে দাও’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) আয়োজনে সাম্প্রদায়িকতা বিরোধী পথনাটক ‘তোমার আমার বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ মঞ্চায়িত হয়। এই নাটকটির নির্দেশনায় ছিলেন মাহফুজ ইসলাম মেঘ। পরে সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনী’ -র সদস্যরা।

এ সময় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রঙ্গন মাইম একাডেমির আয়োজনে মূকাভিনয়ে ‘  সম্প্রীতির বাংলাদেশ’ প্রদর্শিত হয়। এর নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ও রঙ্গন মাইম একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যাপক ইস্রাফিল আহমেদ। এ ছাড়া জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) আয়োজনে পথনাটক ‘সাম্প্রদায়িক ভূত’ মঞ্চায়িত হয়

এ আয়োজনের বিষয়ে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী দ্বীপ ইত্তেফাককে বলেন, বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে বাঙালির চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ সাংস্কৃতিক জাগরণের মাধ্যমেই সম্ভব। তাই দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদে আজকের এই আয়োজন।


ইত্তেফাক/ইউবি