খালে ভাসছে প্লাস্টিক বোতল

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:১৬

ঢাকার উদ্ধারকৃত খালে খালে ভাসছে প্লাস্টিক বোতল আর স্যান্ডেল জুতা। আবর্জনা স্তূপ হয়ে উঠেছে খালগুলো। খালে ভাসছে ডাবের ছোলা, ডায়াপার, বিস্কিটের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেটসহ পরিত্যক্ত নানা সামগ্রী। এখন আর কেউ আসে না এসব পরিষ্কার করতে। তাই খালের পাড় থেকে এতটাই দুর্গন্ধ আসে যে, খালের পাড় দিয়ে কেউ হাঁটতে চায় না। খালের পাড় দখল বাণিজ্য তো নতুন কোনো চিত্র নয়। খালে ময়লা ফেলছেন বাসিন্দাদের একাংশ। খালে আর নালায় জমা জঞ্জালের কারণে পানি দ্রুত সরছে না। একশ্রেণির মানুষের দায়িত্বজ্ঞানহীন এই কার্যকলাপে ভুগতে হচ্ছে ঢাকাবাসীকে। দোকান থেকে মিনারেল ওয়াটারের বোতল কিনে পানি খেয়ে যেখানে সেখানে রাখা হচ্ছে, ফেলা হচ্ছে নালায়। রাস্তা আর খালের ধারে রেখে দেওয়া হচ্ছে পরিত্যক্ত সামগ্রী। বাড়ি তৈরির চুন, সুরকি, বালি, সিমেন্ট পানির সঙ্গে গিয়ে মিশছে নালায়। পাইলিংয়ের সময় স্যুয়ারেজ লাইনে বর্জ্য ফেলা হচ্ছে। এসব কারণে নিকাশি নালা ঠিকমতো কাজ করছে না। মুখগুলো বন্ধ হয়ে থাকছে। ঢাকার বাসিন্দাদের কাছে অনুরোধ, প্লাস্টিক ব্যবহারে বিরত থাকুন। বর্জ্য যেখানে সেখানে ফেলবেন না, অন্য কাউকে ফেলতে দেখলে বারণ করুন।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা