রান উত্সব হলো, উল্লাস-উত্সবে গ্যালারিও মাতালেন দর্শকরা। সবই হলো, শুধু জয়টাই পেল না বাংলাদেশ।
গতকাল সূর্য ডোবার আগে ভগ্ন মনরথে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ত্যাগ করা বাংলাদেশি প্রবাসীদের মন জুড়েও একই অনুভূতির অবতারণা হয়েছিল।
চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ ছিল ১৪ বছরের বন্ধ্যাত্ব ঘুচানোর, বিশ্বকাপের মূল পর্বে জয়ের খরা কাটানোর। কিন্তু ক্যাচ মিসের পুরোনো রোগে ফসকে গেল জয়। প্রথম রাউন্ডের মতো গতকাল শারজাহতে বিশ্বকাপের মূল পর্বটাও হার দিয়ে শুরু হলো বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
গতকাল নাঈম-মুশফিকের হাফ সেঞ্চুরিতে টস জয়ী বাংলাদেশ দল ৪ উইকেটে ১৭১ রান তুলেছিল। জবাবে ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ৪৯ বলে অপরাজিত ৮০ রান করা চারিথ আসালঙ্কা ম্যাচ সেরা হন।
শারজাহর রানের উইকেটে বাংলাদেশের পুঁজিটা খারাপ ছিল না। ইনিংসের চতুর্থ বলে লঙ্কান অধিনায়ক কুশল পেরেরাকে নাসুম বোল্ড করেন। তারপর বাংলাদেশ শুধু একবারই ম্যাচে ফিরেছিল। নবম ওভারে চার বলের মধ্যে সাকিব পাথুম নিশাঙ্কা (২৪) ও আভিস্কা ফার্নান্দোকে (০) বোল্ড করেন। বাকি সময়টা লঙ্কান ব্যাটসম্যানদের তোপ সামলাতে গিয়েই পার হয়েছে। তবে ম্যাচটা নিজেদের হাতে নেওয়ার, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। লিটন দাস ক্যাচ ফেলেছেন দুই বার। তাতেই হার নিশ্চিত হয়ে গেছে। ১৩তম ওভারে আফিফের বলে স্কয়ার লেগে ১৪ রানে থাকা রাজাপক্ষের ক্যাচ ফেলেন লিটন। রাজাপক্ষে আউট হয়েছেন ৩১ বলে ৫৩ রান করে। ততক্ষণে ম্যাচ কার্যত শেষ। ১৫তম ওভারে মুস্তাফিজের বলে ডিপ কাভারে ৬৩ রানে থাকা আসালঙ্কার সহজ ক্যাচও তালুবন্দি করতে পারেননি লিটন। সেই আসালঙ্কা ৪৯ বলে অপরাজিত ৮০ রান (৫ চার, ৫ ছয়) করেন। জয় নিয়েই ফিরেন তিনি। বাংলাদেশের সাকিব, নাসুম ২টি করে এবং সাইফউদ্দিন ১টি করে উইকেট পান।
এর আগে বাংলাদেশের ইনিংসটা আবর্তিত হয়েছে নাঈম শেখ ও মুশফিকের ব্যাটিংয়ে। দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন। নাঈম ক্যারিয়ারের চতুর্থ, মুশফিক ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নেন। তারা তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন। ১৭তম ওভারে আউট হওয়ার আগে নাঈম ৫২ বলে ৬টি চারে ৬২ রান করেন। ৩৭ বলে ৫৭ রানের (৫ চার, ২ ছয়) ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক।
মাহমুদউল্লাহ অপরাজিত ১০ রান করেন। ইনিংসের শুরুতে ষষ্ঠ ওভারে লিটন ১৬ রান করে। সাকিবও ১০ রানের বেশি স্থায়ী হননি। ৫৬ রানে তাদের বিদায়ের পর নাঈম-মুশফিকের জুটিতেই এগিয়েছে বাংলাদেশের রানের চাকা। শ্রীলঙ্কার লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে ও বিনোরা ফার্নান্দো একটি করে উইকেট নেন।
