ফেসবুকে যতন সাহা হত্যাকাণ্ডের ভুয়া ভিডিও আপলোডকারী গ্রেফতার

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:৩৮

ফেসবুকে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ডের ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে রিমন শীল নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রোববার নগরীর কোতোয়ালি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রিমন নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার বিজয় শীলের পুত্র।

র্যাব-৭ চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গত ১৬ মে বিকেলে ঢাকার পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। রিমন শীল প্রথম সেই ভিডিও নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ড বলে ফেসবুকে আপলোড করে। এই গুজব ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকে প্রথম আপলোডকারী হিসেবে শনাক্তের পর রিমন শীলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই অপপ্রচার চালানোর কথা স্বীকার করেছে।’

এর আগে একই ভিডিও শেয়ার করায় রাজধানীর বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে গ্রেফতার করে র্যাব।