উজিরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:৩৯

বরিশালের উজিরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল রবিবার বিকালে উজিরপুর মডেল থানার এসআই মো. খায়রুজ্জামান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জল্লা ইউনিয়নের কুড়লিয়া হরি মার্কেটসংলগ্ন আদর্শ মত্স্য খামার থেকে ধর্ষক দুই সন্তানের জনক দিপক মণ্ডলকে (২৮) গ্রেফতার করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষক দিপক মণ্ডল ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হরলাল মণ্ডলের ছেলে। স্কুল ছাত্রীর পিতা মাতা হতদরিদ্র হওয়ায় বরিশালে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করার কারণে মেয়েকে একই বাড়িতে নানার ঘরে লেখাপড়া করার জন্য রেখে যায়। এর প্রতি লোলুপ দৃষ্টি পড়ে দূর সম্পর্কের আত্মীয় দিপক মণ্ডলের। গত ১৭ অক্টোবর ঐ ছাত্রী নানার ঘরের পাশে চাচাত নানির সঙ্গে ঘুমাতে যায়। নানি পাশের ঘরে খাবার খেতে গেলে সেই সুযোগে লম্পট তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি তাত্ক্ষণিক নানা ও নানিকে জানালে তারা ভয়ে ঐ ছাত্রীর বাবা-মাকে না বলে গোপন করে রাখে। একপর্যায়ে বাবা-মা বিষয়টি টের পেলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আরশাদের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাত্ক্ষণিক এসআই খায়রুজ্জামান ঐ ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হন। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আরশাদ জানান, ধর্ষককে আদালতে পাঠানো হবে।