এক জন সরকারি কর্মকর্তাকে একাধিক প্রকল্পের পরিচালকের (পিডি) দায়িত্ব না দেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এর আগে গত ৩ অক্টোবর সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকেও একই সুপারিশ করা হয়েছিল।
গতকালের বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি প্রকল্প পরিচালক হিসেবে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে নিয়োগের সুপারিশও করেছে। উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে গাড়ির সুবিধা দেওয়া, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ এবং উপজেলা কর্মকর্তাদের অনুকূলে দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০১৬-২০১৭ অর্থবছরে গৃহীত প্রকল্প এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর আর্থিক ব্যয় ও বাস্তব অগ্রগতি এবং ২০১৯-২০২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাঁচটি সমাপ্ত প্রকল্পের ওপর সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থার অগ্রগতি সম্পর্কেও আলোচনা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রফিকুল ইসলাম বীর-উত্তম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার ও আদিবা আনজুম মিতা অংশ নেন।
