আগ্রহের শীর্ষে শেফার্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির বা ১২ দশমিক ৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেফার্ডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রবিবার শেফার্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে শেফার্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯ দশমিক ৬১ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯ দশমিক ৪৬ শতাংশ, সোনালী পেপারের ৭ দশমিক ৪১ শতাংশ, ফরচুন সুজের ৬ দশমিক ৭৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৫ দশমিক ৭৬ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪ দশমিক ৮৬ শতাংশ, বিবিএস কেবলসের ৪ দশমিক ৭১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪ দশমিক ০৭ শতাংশ এবং ডেল্টা লাইফ ইনসিওরেন্সের শেয়ার দর ৩ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।