বিনিয়োগ বাড়াতে কোভিড পরবর্তী কৌশলগুলো বাস্তবায়ন করতে হবে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কনফারেন্স হলে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিডার আয়োজনে এবং জাইকার কারিগরি সহায়তায় পোস্ট কোভিড ইনভেস্টমেন্ট প্রোমোশন স্ট্রাটেজি বিষয়ক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। আর বিশেষ অতিথি ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া। সেমিনারে জাইকার প্রজেক্ট লিডার হিদেকাজু তানাকা করোনা পরবর্তী ইনভেস্টমেন্ট প্রমোশন স্ট্রাটেজি তুলে ধরেন। এ সময়ে তিনি বিশ্বব্যাপী অর্থনীতি ও বিনিয়োগে কোভিডের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা করেন এবং বিদেশি বিনিয়োগের বাংলাদেশের ভবিষ্যত্ করণীয় সম্পর্কে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, কোভিডের কারণে বিশ্বব্যাপী অর্থনীতি ও বিনিয়োগ স্থবির হয়ে পড়লেও দেশব্যাপী লকডাউনের মধ্যেও বিডা ওএসএস এর মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা প্রদান করে গেছে। এবং এ সময়ে ওএসএস এর মাধ্যমে নতুন নতুন সেবা যুক্ত করেছে, যাতে সর্বদা বিনোয়োগকারীদের সেবা প্রদান করা যায়। কোভিড পরবর্তী সময়ে পৃথিবীর চিত্র অনেকটাই পরিবর্তিত হয়েছে তাই এই সময়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের নতুন বিনিয়োগ কৌশল প্রণয়ন এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে।