ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে পানিতে ডুবে ছয় শিশু ও এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মাহিদ তাজওয়ার (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার সময় উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা জানান, গঙ্গাচড়ায় তিস্তা নদীতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কোলকোন্দ ইউনিয়নের গ্রোয়েন বাঁধ সংলগ্ন এলাকায়। মাষ্টারপাড়া গ্রামের কৃষক আউয়াল (৪৫) নদী পার হয়ে তিস্তার চরে কাজে যাওয়ার সময় ডুবে মারা যায়। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাইমচর ও কচুয়া উপজেলায় পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের মজমপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে তম্বি আকতার (৮) এবং তার বোন খাদিজা আকতার (৬) পুকুরের পানিতে ডুবে মারা যায়। অপরদিকে কচুয়া উপজেলার বিতারা গ্রামে ফাতেমা আকতার নামে দেড় বছরের একটি মেয়ে পানিতে ডুবে মারা যায়। তার বাবার নাম জহিরুল ইসলাম।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
