ভ্রাম্যমাণ মধু চাষে সফলতা

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৪১

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় ভ্রাম্যমাণ মধু চাষ করে সফলতা পেয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার শিকড়া গ্রামের আব্দুর রবের ছেলে আল-আমিন হোসেন। তিনি মৌসুম অনুযায়ী বিভিন্ন বাগানে মৌ-বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করেন। তিনি জানান, পাঁচ বছর আগে মৌ-বাক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ শুরু করেন। জেলার বিভিন্ন জায়গায় বাগান লিজ নিয়ে গ্রামের পাশে মৌ-বাক্স স্থাপন করেন। বর্তমানে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ এলাকায় একটি আমবাগানে ১২৫টি মৌ-বক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন তিনি। সরজমিনে দেখা যায়, পরিচর্যা ও মৌমাছি দেখভালের জন্য টংঘর তৈরি করেছেন আল-আমিন। আসন্ন শীত মৌসুমের শুরু থেকে ছয় মাস মধু সংগ্রহ করা হবে এ বাক্স থেকে। তিনি জানান, প্রতিটি মৌ-বাক্সের মধ্যে একটি করে রানি মৌমাছির সঙ্গে রয়েছে হাজার হাজার মৌমাছি। মৌমাছিগুলো প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে মধু সংগ্রহ করে আনতে পারে। ভরা মৌসুমে সপ্তাহে একটি মৌ-বাক্স থেকে তিন-চার বারে দুই কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। খুচরা বাজারে প্রতি কেজি মধু ৬০০ টাকায় বিক্রি করছি। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, উপজেলায় নির্দিষ্ট করে কোনো চাষি মধু চাষ করেন না। তবে উপজেলার বাইরে থেকে এসে অনেকে মধু চাষ শুরু করেছেন।