রায়পুরায় আমন চাষ বেড়েছে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১:৪২

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

রায়পুরায় আমন আবাদ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকার আক্রমণ হলেও এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষক ও কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ৮ হাজার ৭১০ হেক্টর জমিতে আমন আবাদ হয়। চলতি মৌসুমে আবাদ হয়েছে ৮ হাজার ৮২০ হেক্টর জমিতে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তৃৃত এলাকা জুড়ে আমনের সবুজ সমারোহে বের হচ্ছে শিষ। উপজেলার একাধিক কৃষক জানায়, চলতি মৌসুমে জমিতে রোগবালাই বেশি হলেও ভালো ফলনের আশা করছেন তারা। কৃষক হারুনুর রশিদ বলেন, এক বিঘা জমিতে আমন আবাদ করেছি। ১০ শতক জমিতে উচ্চ ফলনশীল ধান পাকতে শুরু হয়েছে। তবে জমিতে ইঁদুরের উপদ্রব বেড়েছে। কৃষক আ. ছালাম বলেন, ‘এ বছর কীটনাশকসহ অন্যান্য উপকরণ বেশি পরিমাণে ব্যয় হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি, ভালো ফলন পাব।’ রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, ‘এ বছর আবহওয়া অনুকূলে থাকায় এবং রোগ ও পোকামাকড়ের উপদ্রব হওয়ার পরও আশা করছি, আমনের ভালো ফলন হবে। উপসহকারী কৃষি কর্মকর্তারা আমন উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন।’