আল্লামা শফী
চট্টগ্রাম অফিস
কাদিয়ানি সম্প্রদায়কে সরকারিভাবে অমুসলিম ঘোষণা ও পঞ্চগড়ে অনুষ্ঠেয় তাদের তিনদিনব্যাপী ইজতেমা বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী। ইজতেমার আয়োজন ও কার্যক্রম বন্ধ করা না হলে হেফাজতে ইসলাম পঞ্চগড় অভিমুখে লংমার্চসহ কঠিন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন। গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আমীরে হেফাজতের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা দেন। আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ানিদেরইজতেমা হওয়ার কথা রয়েছে।
আহমদ শফী বলেন, সিরিয়া, মিসর, পাকিস্তান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারসহ বহু দেশ কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। এমনকি মুসলিম বিশ্বের সর্ববৃহত্ সংগঠন ওআইসিও ১৯৮৫ সালে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে। ভারতের সর্বোচ্চ আদালত ১৯৬৯ সালে এক রায়ে বলেন, যে ব্যক্তি মির্যা গোলাম আহমদকে মান্য করে তাকে কখনো মুসলমান বলা যায় না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা লোকমান হাকিম, মাওলানা নোমানী মেখলি, মাওলানা ইসহাক নূর, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।
