সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, হতাহত ৮৩

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০০:৩২

সুদানে ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী। দেশটির সেন্ট্রাল কমিটি অফ সুদানিজ ডক্টরস জানিয়েছে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন, আহতের সংখ্যা ৮০। সোমবার (২৫ অক্টোবর) এসব জানিয়েছে আল জাজিরা।

অভ্যুত্থানের পর সুদান পরিচালনাকারী সভরেন কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন। এর আগে সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুকসহ মন্ত্রীসভার বেশিরভাগ সদস্যকে আটক করে দেশটির সামরিক বাহিনী।

এক প্রতিবেদনে ডয়েচভেলে জানায়, সুদানে তিন দশক ধরে দায়িত্ব পালন করা ওমর আল-বশিরকে ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগে বাধ্য করা হয়। এর তিন মাস পর দেশ পরিচালনায় সামরিক ও রাজনৈতিক দলের নিয়োগ দেয়া ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল। ২০২৩ সাল শেষ হওয়ার আগে নির্বাচন আয়োজনের কথা ছিল তাদের।

ইত্তেফাক/এসএ