বাঘায় তুচ্ছ কারণে এক শিশুর কপালে গরম চা ঢেলে দেওয়া হলে শিশুটির কপাল ঝলসে গেছে। এ ঘটনায় গতকাল সোমবার বাঘা থানায় ঐ শিশুর পিতা মিন্টু হালদার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গত শুক্রবার সকালে উপজেলার আড়ানী বাজারের চা বিক্রেতা মিন্টু হালদার তার তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে পৃথিবী হালদারকে (১০) এক কাপ চা দিয়ে আসতে বলেন কাপড় ব্যবসায়ী ইমনকে। এ সময় পাশের দোকানে বসে থাকা সুইট ঐ শিশুর কাছে চা চেয়ে বসে। শিশুটি জানায়, চায়ের অর্ডার অন্য দোকানের। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটির হাত থেকে চায়ের কাপ কেড়ে তার কপালে ছুড়ে মারেন সুইট। এ ঘটনায় শিশু পৃথিবীর কপাল ঝলসে যায়।
সুইটের বাবার নাম সাধু প্রামাণিক। তার বাড়ি আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়া গ্রামে। শিশুটিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেন।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমআর
