নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা, গ্রেফতার ৪৪

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭:১২

সকালে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ জানান, এ ঘটনায় নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No description available.

তিনি জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিএনপি সম্প্রীতি সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুঁড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করে।

হাফিজ আল আসাদ বলেন, বিএনপির সমাবেশে পুলিশ বাধা দেয়নি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিল। বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া করে।

No description available.

এর আগে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সেখানে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করেন। মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না। তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ

সকালে রাজধানীর নয়া পল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও তা হয়নি। সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মিছিল করছি না, সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা মিছিল করছি না।’ সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ব্যর্থতার প্রতিবাদে মিছিলের জন্য জড়ো হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ মিছিলে অংশ নিতে সকাল থেকে রাজধানীর আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন।

ইত্তেফাক/জেডএইচডি