একটি ইঁদুর এবং একটি ব্যাঙ। গভীর বন্ধুত্ব তাদের মধ্যে। প্রতিদিন সকালে ব্যাঙ পুকুর থেকে বের হয়ে গাছের পাশে একটি গর্তে যায়, যেখানে তার বন্ধু ইঁদুর থাকে। আড্ডাশেষে দুপুরে বাড়ি ফেরে।
ইঁদুর তার এই বন্ধুটিকে পেয়ে খুব খুশি। কিন্তু ব্যাঙ আস্তে আস্তে শত্রুতে পরিণত হতে শুরু করে। কারণ? ব্যাঙটি অনুভব করল যে, সে প্রতিদিন ইঁদুরকে দেখতে গেলেও তাকে দেখতে সে কোনোদিন আসেনি। এ ঘটনা ব্যাঙকে যথেষ্ট অপমানিত করে। সে তখন বন্ধুত্ব ভুলে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে। একদিন করল কী—তার পায়ে একটি শিকলের এক প্রান্ত বেঁধে অন্য প্রান্তটি ইঁদুরের লেজের সঙ্গে বেঁধে ফেলল।
ব্যাঙের কাণ্ড দেখে হতবাক ইঁদুর।
ইঁদুরটিকে টেনে নিয়ে ব্যাঙ পুকুরে ডুব দিল। ইঁদুর নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না। অবশেষে ডুবে গেল। ইঁদুরের মরা ফুলে যাওয়া শরীরটি পুকুরের জলে উঠল ভেসে।
একটি বাজপাখি মরা ইঁদুরটিকে এভাবে ভাসতে দেখে নিচে নেমে এলো এবং মরা ইঁদুরকে ঠোঁটে ধরে কাছাকাছি একটি গাছের ডালে গিয়ে বসল। মরা ইঁদুরের সঙ্গে ব্যাঙটিও ঝুলে থাকল। ব্যাঙ মরিয়া হয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু পারল না। শিগগিরই ব্যাঙটিও বাজপাখির খাবারে পরিণত হলো।
আফ্রিকার রূপকথা
রূপান্তর :রানাকুমার সিংহ
