পরিবেশ আইন সঠিকভাবে না মেনে ইটভাটা পরিচালনার দায়ে কেরানীগঞ্জের তিনটি ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা এবং পরিমাপে কারচুপির দায়ে মানিকগঞ্জের তিনটি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মোল্লারহাট ও জাজিরা এলাকায় বেশ কয়েকটি ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোল্লারহাট এলাকার মোল্লা ব্রিকস এন্ড কোংকে নগদ ১১ লাখ টাকা ও মেসার্স এমএইচএস এন্ড কোংকে ১১ লাখ টাকা এবং জাজিরা এলাকার নিউ ব্রিকস ম্যানুফ্রাকচারকে ৮ লাখ টাকা অর্থাত্ সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ৩টি ইটভাটার মালিককে একবছর করে কারাদণ্ড প্রদানের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বদানকারী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ। তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আমিনুল ইসলাম, ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক খালেদ হাসান প্রমুখ ।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয় পরিমাপে কারচুপির দায়ে তিন ইটভাটার মালিকে ৪ লাখ টাকা জরিমানা করেছে। মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সদর উপজেলায় বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন।
পণ্য যথাযথভাবে বিক্রয় না করা এবং পরিমাপে কারচুপি করায় মেসার্স ডায়না ব্রিক্সকে ২ লাখ টাকা, মেসার্স এআরসি ব্রিক্সকে ১ লাখ টাকা এবং মেসার্স এনবিসি ব্রিক্সকে ১ লাখ টাকা, অর্থাত্ সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় আরো ৩টি ভাটার মালিককে সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করে মানিকগঞ্জ জেলা ক্যাবের সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
