সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তলদেশে ওয়াসার পাইপে লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রলার!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জশলদিয়া পানি শোধনাগার থেকে ধলেশ্বরী নদীর তলদেশ দিয়ে ঢাকায় যাওয়া ওয়াসার পাইপের কারণে কুচিয়ামোড়া এলাকায় নদীতে বাল্কহেড ও ট্রলার চলাচলে সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধলেশ্বরী নদীর তলদেশ থেকে ৪/৫ ফুট উপরে পাইপটি ভেসে থাকার কারণেই এই বিপত্তি। অভিযোগে আরও জানা গেছে, ভেসে থাকা পাইপে লেগে বাল্কহেড ও ট্রলারের প্রপেলার ভেঙে যাচ্ছে এবং কখনও কখনও এসব নৌযানের তলাও ফেটে যাচ্ছে। এ ব্যাপারে ওয়াসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এই এলাকার লোকজন।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীর তলদেশ দিয়ে পাইপ না নিয়ে যাওয়ায় দুই পারের কাছাকাছি নৌযান চলাচলের সময় দুর্ঘটনা ঘটছে। এ পর্যন্ত অন্তত ৭টি দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া ঐ এলাকার ডকইয়ার্ডে সদরঘাট-বরিশাল রুটের দুটি লঞ্চ মেরামত শেষে নদীতে নামার অপেক্ষায় আছে। কিন্তু পাইপের কারণে তা পারছে না।

স্থানীয় কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী বলেন, এমন অভিযোগ তিনিও পেয়েছেন। সরেজমিনে তিনি এলাকা পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টির প্রতি দৃষ্টি দেন, এ প্রত্যাশা করেন তিনি।

ওই এলাকায় ওয়াশার পাইপে কর্মরত একজন চীনা নাগরিক (নাম পরিচয় না দিয়ে) তার দো-ভাষী মীর হোসেনের মাধ্যমে জানান, এটা আমরা জানি না, এখন পানিতে লোক নামিয়েছি, দেখার পর বলতে পারব।