আড়াইহাজারে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এসময়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিশনন্দী গ্রামের হাজী খোকনের জমিতে রোপণ করা ঘাষ তুলে নেয় দড়ি বিশনন্দী গ্রামের শাহনারা নামে এক মহিলা। এ নিয়ে খোকনের ছেলে শিকু সরকারের সাথে শাহানারার ছেলে ওমর সানি ও মেয়ে তানিয়ার তর্ক-বিতর্ক হয়। পরে শিকুর ভাই রিফাত ও শিকু ওমর সানী ও তানিয়ার বাড়িতে গিয়ে তাদের মারধর করে।
এই খবর দড়ি বিশনন্দী গ্রামে ছড়িয়ে পড়লে ওই গ্রামের লোকজন বিশনন্দী গ্রামের খোকনের বাড়িতে আক্রমণ করতে যায়। এরপর উভয়পক্ষের লোকজন দা, ছুরি, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণ করে। সংঘর্ষে দড়ি বিশনন্দী গ্রামের ইউপি সদস্য ও সাবেক চেয়ারম্যান হাজী বেনুজীরসহ অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষ চলাকালে দড়ি বিশনন্দী গ্রামের ৮টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন ইউপি সদস্য আঃ হান্নান। এ সময়ে পুলিশের একটি গাড়ি ও স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।
অপর দিকে বিশনন্দী গ্রামের শিকু সরকার জানান, দড়ি বিশনন্দী গ্রামের লোকজন তাদের বাড়িঘর ভাঙচুর করেছে।
