ভেনিজুয়েলায় সামরিক অভিযানকে সমর্থন দেবে না মার্কিন কংগ্রেস

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৬

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালালে তাতে সমর্থন দেবে না মার্কিন কংগ্রেস। মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এলিয়ট এঞ্জেল (ডেমোক্র্যাট) এই কথা জানিয়েছেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, সংবিধান লংঘনের জন্য একদিন আদালতের কাছে গুয়াইদোকে জবাবদিহি করতে হবে। খবর রয়টার্সের

এদিকে গুয়াইদো ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুন:প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে ভেনিজুয়েলা ইস্যুতে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওকে হুঁশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ভেনিজুয়েলার পরিস্থিতি নিয়ে কংগ্রেসে এক শুনানিতে এঞ্জেল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকান্ডে আমি উদ্বিগ। তিনি সামরিক অভিযানকে বিকল্প হিসেবে রেখেছেন। কিন্তু আমি সবাইকে বলতে চাই ভেনিজুয়েলায় সামরিক অভিযান বিকল্প হতে পারে না। এই অভিযানে কংগ্রেস সমর্থন দেবে না বলে এঞ্জেল জানান। তিনি ভেনিজুয়েলার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে সতর্ক করে বলেন, মাদুরোকে অর্থনৈতিক সংকটে ফেলার চেষ্টাটা ভাল। কিন্তু তিনি যদি পদত্যাগ না করেন তাহলে সামনের দিনগুলোতে নিষেধাজ্ঞার প্রভাব জনগনের ওপরই পড়বে।

ইসরাইলি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে গুয়াইদো বলেন, আমি ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছি। ভেনিজুয়েলার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান। দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলার সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই।

পম্পিও-ল্যাভরভ ফোনালাপ

ভেনিজুয়েলা ইস্যুতে ফোনালাপ করেছেন মাইক পম্পিও এবং সের্গেই ল্যাভরভ। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। ল্যাভরভ কারাকাসে মার্কিন হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন। ল্যাভরভ বলেন, জাতিসংঘ চার্টারের ফ্রেমওয়ার্কের আওতায় থেকে এই ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত মস্কো।