সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গত সোমবার দেশের শেয়ারবাজারে বড় দরপতনের পর গতকাল মঙ্গলবার বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। কিন্তু এর কিছুক্ষণ পর ডিএসইর প্রধান সূচক ৩০ পয়েন্ট পড়ে যায়। এর ১০ মিনিটের মাথায় সূচকটি বাড়ে ৬৭ পয়েন্ট। তবে, আধাঘণ্টার লেনদেন পার হতেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। এতে একপর্যায়ে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। ফলে আবারও পতনের আশঙ্কা পেয়ে বসে বিনিয়োগকারীদের মধ্যে। অবশ্য দুপুর ১২টার পর আবার পরিস্থিতি বদলাতে থাকে। বাড়তে থাকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। যা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। ফলে সূচকের বড় উত্থান দিয়ে শেষ হয় লেনদেন। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫ পয়েন্টে উঠে এসেছে। আগের দিন সূচকটি কমে ১২০ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৬১ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২২টির। আর ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা।
