ভাণ্ডারিয়ায় দুই মাদক কারবারিকে জেলহাজতে প্রেরণ

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:২৭

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা সদরের মধ্য ভাণ্ডারিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার (৩০) এবং রিপন সরদার (২৫) নামের দুই মাদক কারবারিকে গতকাল মঙ্গলবার পিরোজপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আনোয়ার স্থানীয় মধ্য ভাণ্ডারিয়া গ্রামের রশিদ হাওলাদার এবং রিপন একই এলাকার বাদশা সরদারের ছেলে।

জানা গেছে, পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আনোয়ারের বাড়ি থেকে ৮০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা এবং রিপনকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ব্যাপারে  গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেনে বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার ঐ দুই মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।