ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার সন্ধ্যায় দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জামায়াতের নির্বাহী পরিষদ অভিমত দেয় যে, বর্তমান সরকারের অধীনে বিগত ১০ বছরে কোনও নির্বাচনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি। তাই জামায়াতে ইসলামী বর্তমান ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারের অধীনে কোনও নির্বাচনেই অংশগ্রহণ করবে না।
