সাজেকে জিপের ছাদ থেকে পড়ে পর্যটক নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৬

রাঙ্গামাটির সাজেকে পানিবাহী একটি জিপের ছাদ থেকে পড়ে জিনিয়াস তালুকদার (২৮) নামে এক পর্যটক নিহত হয়েছে। তিনি রাঙ্গামাটির সুখিনীলগঞ্জ টেকনিক্যাল পাড়ার নবারন তালুকদারের ছেলে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্রের প্রবেশ গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের আত্মীয় দীপন চাকমা বলেন, জিনিয়াসসহ আমরা কয়েকজন দীঘিনালায় একটি বিয়ের অনুষ্ঠানে আসি। সেখান থেকে জিনিয়াসসহ দু’জন একটি সিএনজিতে করে সাজেক বেড়াতে যায়। ফেরার পথে রুইলুই পাড়া থেকে নামার সময় সিএনজিতে না চড়ে শখের বসে তারা পানিবাহী একটি জিপগাড়িতে ওঠেন। সাজেক রুইলুই পাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রজব আলী বলেন, একটি পানির গাড়ি থেকে এক পর্যটক পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।