প্রয়োজনে কংগ্রেস ও সিপিএমের সঙ্গেও জোট

বিরোধিতা করায় আমার বাড়িতেও সিবিআই পাঠাতে পারে মোদী সরকার : মমতা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৮

বিরোধিতা করার জন্য ভবিষ্যতে আমার বাড়িতেও সিবিআই পাঠিয়ে দিতে পারে মোদী সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডাকা জন্তরমন্তরে ধর্মা মঞ্চে একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদীর উদ্দেশে তিনি বলেন, ‘উনি কাউকে বিশ্বাস করেন না। মন্ত্রীদের উপরেও চলছে নজরদারি। আমাদের ওখানে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পদক ফেরত নেওয়ার কথা বলছেন। এত সাহস! পুলিশ কমিশনারের ঘরে সিবিআই পাঠিয়ে দিল। অনেক সরকার দেখেছি। এত নিম্নমানের সরকার দেখিনি। ’

দিল্লির রাজনীতির মঞ্চে তার বার্তা, আসন্ন লোকসভা নির্বাচনের পর জাতীয় কংগ্রেস, সিপিএমের সঙ্গে জাতীয়স্তরে জোট হতেই পারে। মমতা বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিএমের সঙ্গে লড়াই থাকলেও জাতীয়স্তরে তিনি জোটে রাজি তিনি। এরপরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, উত্তর প্রদেশের দুই চিরশত্রু সমাজবাদী পার্টি-বহুজন সমাজবাদী পার্টির পর কি এবার পশ্চিমবঙ্গের চিরশত্রু সিপিএম-তৃণমূলকে মিলিয়ে দেবেন নরেন্দ্র দামোদর মোদী?

মমতা আরও বলেন, দেশ বাঁচাতে তিনি আত্মত্যাগে রাজি। তার কথায়, ‘ভারতজুড়ে জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। নরেন্দ্র মোদী স্বপ্ন দেখাতে পারেন না, দেশ ভাঙতে পারেন। আমরা দেশকে একজোট রাখতে চাই। মমতা বলেন, ‘আমি অনেক আসনে লড়াই করতে পারি। কিন্তু যেখানে অন্য দল শক্তিশালী, সেখানে ভোট বাঁটোয়ারা করব না। তবে একাই লড়ই করব। আমার বিরুদ্ধে সিপিএম-কংগ্রেস-বিজেপি এক হয়ে লড়বে। তবু ৪২-এ ৪২টি আসনই পাব। মমতা আরও বলেন, ‘এই সরকারের মেয়াদ আর ২০ দিন।’