গোসলের ভিডিও ধারণ করায় আত্মহত্যা!

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৪৭

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর এলাকার বদরপুর গ্রামের কাতার প্রবাসী শরীফ উল্যাহর স্ত্রী সুবর্ণার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শরীফ উল্যাহর বড় ভাই আবু তাহের ঐ গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় আত্মহত্যা করেন তিনি। উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ.) ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সুবর্ণার বাবা বলেন, ‘আড়াই বছর আগে বদরপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে শরীফের সঙ্গে পারিবারিক ভাবে মেয়ের বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছু দিন পর থেকে মেয়ে জামাই প্রবাসে চলে যান। সেই থেকে তার ভাসুর আবু তাহের আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছে। শুধু তাই নয়, সে আমার মেয়ের গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে।’

তিনি আরও বলেন, সোমবার আমার স্ত্রীকে খবর দিয়ে ডেকে নিয়ে মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বুধবার (২৭ অক্টোবর) সকালে আমরা ঘরের একটি কক্ষে বসেছিলাম। তার ফাঁকে মেয়ে অন্য রুমে গিয়ে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, খবর পেয়ে মেয়ের বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। 

এদিকে, অভিযুক্ত আবু তাহেরের পরিবার পলাতক থাকায় তাদের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ইত্তেফাক/এসআই