জাপানের ইলেকট্রনিক্স ব্র্যান্ড সনির নতুন ফোন সনি এক্সপেরিয়া প্রো-আই উন্মুক্ত করা হয়েছে মঙ্গলবার। মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বিবেচনায় রেখে বানানো এই ফোনটি ইতোমধ্যেই আলোচনা সৃষ্টি করেছে গ্যাজেটপ্রেমীদের মাঝে।
সদ্য মুক্তি পাওয়া এক্সপেরিয়া প্রো-আই ফোনটিও বাহ্যিকভাবে অসাধারণ একটি ফোন। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ফাইভজি সমর্থিত এই ডিভাইসটিতে সিপিইউ হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। সাথে জিপিইউ হিসেবে আছে অ্যাড্রেনো ৬৬০। ফোনটির চারদিকের ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি এবং পেছনের দিক গরিলা গ্লাস ৬ দ্বারা আবৃত।
ফোনটির ডিসপ্লে বাজারের সেরা ডিসপ্লেগুলোর একটি। এই ডিসপ্লের রেজ্যুলেশন ১৬৪৪×৩৮৪০ অর্থাৎ ফোরকে। একমাত্র সনির ফোনগুলোতেই এই রেজ্যুলেশনের ডিসপ্লে দেখা যায়। ওলেড প্রযুক্তিতে তৈরি ৬.৫ ইঞ্চির ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ যা সাধারণ স্ক্রল করা ও দৈনন্দিন ব্যবহারে অসাধারণ অভিজ্ঞতা দেবে। এছাড়া ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত।
ফোনটিতে আছে ১২ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইটের দ্রুতগতির স্টোরেজ। এর পাশাপাশি আছে এসডি কার্ড স্লট। আছে হেডফোন জ্যাকও। এসডি কার্ড স্লট কিংবা হেডফোন জ্যাক আজকালকার ফ্ল্যাগশিপ ফোন থেকে বিলুপ্ত হয়ে গেলেও গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সনি এই দু'টি সুবিধা এখনও তাদের ফোনে রেখেছে।

বিশেষধরনের ক্যামেরা সংবলিত এই ফোনটির পেছনে রয়েছে একটি ০.৩ মেগাপিক্সেলের থ্রিডি ডেপথ সেন্সর, যার পাশাপাশি থাকছে তিনটি কার্যকরী ক্যামেরা। প্রতিটি ক্যামেরার রেজ্যুলেশন ১২ মেগাপিক্সেল করে। মূল ক্যামেরায় আছে সনির কমপ্যাক্ট পয়েন্ট-অ্যান্ড-শুট ক্যামেরার ১ ইঞ্চির সেন্সরের অনুরূপ সেন্সর। ফলে ক্যামেরার সেন্সরে অনেক বেশি আলো প্রবেশ করবে এবং অনেক উজ্জ্বল ছবি পাওয়া যাবে। এর পাশাপাশি আছে আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২x টেলিফটো ক্যামেরা।
বিখ্যাত ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘জেইস’ এর সাথে যৌথভাবে প্রস্তুতকৃত এই ক্যামেরার হার্ডওয়্যারকে সঙ্গ দিতে সনি দারুণ কিছু সফটওয়্যারও দিচ্ছে। এই সফটওয়্যারগুলো ব্যবহার করে দক্ষ ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফাররা দারুণ সব ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। সনির প্রফেশনাল ক্যামেরাগুলোর অধিকাংশ ফিচারই ফোনটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফোনে ফোরকে রেজ্যুলেশনে ২৪, ৩০, ৬০, ১২০ এফপিএস ভিডিও ধারণ করা যাবে।
নিরাপত্তার জন্য ফোনের ফ্রেমে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এছাড়াও সাধারণ বাটনগুলোর পাশাপাশি ছবি তোলার জন্য আলাদা একটি শাটার বাটন আছে।
ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির সাথে আছে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। যা দিয়ে ৩০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন।
সনির ফোনগুলো একসময় খুব জনপ্রিয় হলেও এখন সেই জনপ্রিয়তায় ভাটা পড়েছে। মূলত বাজারে চীনা ফোন নির্মাতাদের সাথে তুলনামূলক অনেক কম দামে ভালো ফোন বিক্রির দৌড়ে তাল মেলাতে পারেনি সনি। ফলে ধীরে ধীরে নানা সূচকে নিচেই নেমেছে সনির পণ্যের চাহিদা। তবে নানা প্রতিকূলতা ও জটিলতা সত্ত্বেও তারা প্রতিবছরই কয়েকটি ফোন বাজারে আনে, যার ধারাবাহিকতায় এবার এসেছে এক্সপেরিয়া প্রো-আই।
বিশ্বব্যাপী মহামারীর প্রভাবে, ঘরবন্দী অবস্থায় অনেক মানুষই কনটেন্ট ক্রিয়েশন বা ভিডিও ধারণের দিকে ঝুঁকেছে। কন্টেন্ট ক্রিয়েটরদের দিক থেকে বিবেচনা করলে ফোনটি বাজারে নিঃসন্দেহে একটি বড় আবেদন সৃষ্টি করবে। কিন্তু টেক রিভিউয়াররা মনে করছেন, এতসব ফিচার থাকা সত্ত্বেও আকাশচুম্বী দামের কারণে এটি অনেকের নাগালের বাইরে থেকে যাবে। ফোনটি কিনতে হলে গুনতে হবে ১৮০০ ডলার, যা প্রায় বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষাধিক।
ইত্তেফাক/এসটিএম
