স্পোর্টস রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন করলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। তিনি বলেন, মুজিববর্ষে এমন এক আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের জন্য বাংলাদেশ জিমিন্যাস্টিক ফেডারেশন ধন্যবাদ পাওয়ার দাবিদার। আমাদের জিমিন্যাস্টরা এমন বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে একদিন আমরাও জিমন্যাস্টিকসে স্বর্ণ পদক জয় করব। সবাইকে শুভেচ্ছা ও শুভ কামনা।’ এরপর জাতির পিতা বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন। তিনি বলেন, এটা বিশ্বমানের আসর। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে
শুভেচ্ছা।’ অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি শুভেচ্ছা স্মারক তুলে দেন টুর্নামেন্টের শুভেচ্ছা দূত মার্গারিটা মামুনের হাতে।
বাংলাদেশে আন্তর্জাতিক জিমন্যাস্টিকের এটিই সর্বোচ্চ আসর। ২০১১ সালে সুলতানা কামাল চতুর্থ সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ হয়েছিল। এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান। ছয় দেশের ৬৭ জিমন্যাস্ট অংশগ্রহণ করছেন। আজ হতে শুরু হবে কোয়ালিফাইং রাউন্ড। তিন ক্যাটাগরিতে (পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং মহিলা) ২২টি ইভেন্টে লড়াই হবে। তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন
