ইঞ্জিনিয়ার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৯:৪৬

 

আমাদের এই কুটুম পাড়ায় হরমুজ আলি থাকে,

সবাই তাকে খোলা মনে ইঞ্জিনিয়ার ডাকে।

শিশুরা কয়, কেমন আছেন ইঞ্জিনিয়ার চাচা,

দলের যত বুড়ো বলেন, বেঁচে থাকো বাছা।

কম করেছে লেখাপড়া, পায়নি কোনো ডিগ্রি,

তবুও হলো ইঞ্জিনিয়ার, নেতা হবে শীঘ্রি।

ইলেকশনে হরমুজ আলির প্যাকেজ ব্যবস্থায়,

ঢাললে টাকা একে একে সবই পাওয়া যায়।

নমিনেশন পাবে বটে, করবে আবার ‘উইন’,

কৌশলে তার খেঁদি-বুঁচি হয়ে যাচ্ছে কুইন।

দক্ষ হাতে হনুমানকে সে করে দেয় ‘কিং’,

ভোটের বাক্সে করতে পারে ইঞ্জিনিয়ারিং।

এ-কাজ করেই হরমুজ আলি হলো ইঞ্জিনিয়ার,

জুটেছে তার ওপর তলার অনেক বন্ধু-ইয়ার।