বলিউডে বাঁধনের জন্মদিন

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭:১৮

ছোট পর্দার অভিনেত্রী হিসেবেই পরিচিত ছিলেন আজমেরী হক বাঁধন। এখন তিনি আলোচিত সিনেমার জন্য। চলতি বছর তার অভিনীত সিনেমা কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। এরপর বলিউডের সিনেমাতেও নাম লিখিয়েছেন। সেই সুবাদে দুই সপ্তাহ ধরে তিনি সেখানেই অবস্থান করছেন। আজ ২৮ অক্টোবর বাঁধনের জন্মদিন। বলিউডে আনন্দ-উল্লাসে জন্মদিন উদযাপন করছেন এই অভিনেত্রী।

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘খুফিয়া’। এই সিনেমাতেই একজন বাংলাদেশি নারীর ভূমিকায় অভিনয় করছেন বাঁধন।

বাঁধনের জন্মদিন আনন্দ-উল্লাসে উদযাপন করেছে ‘খুফিয়া’ টিম। সবাইকে নিয়ে কেক কেটেছেন তিনি। সেই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। অবশ্য ছবিগুলোতে ‘খুফিয়া’ সিনেমার মূল চরিত্রে থাকা আলী ফজল কিংবা টাবুকে দেখা যায়নি।

জানা গেছে, সত্য ঘটনার অবলম্বনে নির্মিত হচ্ছে ‘খুফিয়া’। নেটফ্লিক্সের প্রযোজনায় নির্মাণাধীন এই সিনেমার সঙ্গে বাংলাদেশের বিষয়ও জড়িত রয়েছে। বাঁধনের আগে সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন মেহজাবীন ও মিম। তারা দু’জনেই প্রস্তাব ফিরিয়ে দেন।

উল্লেখ্য, বাঁধনের জন্ম ১৯৮৩ সালের ২৮ অক্টোবর মুন্সীগঞ্জে। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত বিষয়ে পড়াশোনা করেছেন। ২০০৬ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান। একই বছর থেকেই তিনি নাটকে কাজ শুরু করেন।

ইত্তেফাক/বিএএফ