দীর্ঘ ২৫ দিনের টানাপোড়েনের পর মাদককাণ্ডে অবশেষে জামিন পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বম্বে হাইকোর্ট বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এতে স্বভাবতই স্বস্তির ও খুশি জোয়ার বইছে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ। ছেলের জামিনে হাঁপ ছেড়ে বাঁচলেন শাহরুখ-গৌরী।
তবে আজই বাড়িতে ফিরতে পারছেন না আরিয়ান। কারণ আদালত এখনো বিস্তারিত রায় প্রকাশ করেননি। শুক্রবার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে। এরপর আরিয়ানকে মুক্তির নির্দেশ পাঠানো হবে জেলে। নির্দেশ পৌঁছানোর পরই মুক্তি পাবেন তিনি। সে হিসেবে শুক্রবার বিকালে কিংবা শনিবার সকালের দিকে কারাগার থেকে বের হবেন আরিয়ান।
আরিয়ান খানের পাশাপাশি এদিন মাদককাণ্ডে গ্রেফতার অপর দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালত।
২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেফতার করা হয় তাকে। এর পর থেকেই বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ করেছেন আদালত।

এনসিবির দাবি, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদক পাচারকারী ও বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে। আরিয়ানের সঙ্গে বলিউডের এক উঠতি নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে এনসিবি। এই চ্যাটে তাঁরা মাদকসংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সর্বশেষ মঙ্গলবার সকালে বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন শুনানির জন্য আবেদন করেছিলেন আরিয়ানের আইনজীবী। বিচারপতি আজ শুনানির অনুমোদন দেননি।
ইত্তেফাক/বিএএফ

