আটকের ২৬ দিন কারাগার ও এনসিবি দফতরে ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অবশেষে আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাদক মামলায় জামিন পেয়েছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তবে আজই বাড়ি ফিরতে পারছেন না তিনি।
জানা গেছে, আদালত এখনও বিস্তারিত রায় প্রকাশ করেননি। শুক্রবার (২৯ অক্টোবর) রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হবে। এরপর আরিয়ানকে মুক্তির নির্দেশ পাঠানো হবে জেলে। নির্দেশ পৌঁছানোর পরই মুক্তি পাবেন শাহরুখ খানের ছেলে। সে হিসেবে শুক্রবার বিকেলে কিংবা শনিবার সকালের দিকে কারাগার থেকে বের হবেন আরিয়ান।
এদিকে স্বভাবতই স্বস্তির ও খুশি জোয়ার বইছে শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ। ছেলের জামিনে হাঁপ ছেড়ে বাঁচলেন শাহরুখ-গৌরী।

কারাগারে অন্যান্য কয়েদির মতোই থাকতে হয়েছে আরিয়ানকে। কোনোরকম বিশেষ সুবিধা দেওয়া হয়নি। এমনকি তার জন্য বাইরে থেকে খাবার পর্যন্ত পাঠানো যায়নি। জেলের ভেতরে মাসিক সাড়ে ৪ হাজার রুপি ভিত্তিতে খাবার খেয়েছেন আরিয়ান।
এদিকে ছেলেকে মুক্ত করতে টানা এক মাস নানান জায়গায় দৌড়াদৌড়ি করেছেন শাহরুখ ও তার স্ত্রী গৌরী। নামিদামি আইনজীবীদের শরণাপন্ন হয়েছেন তারা। অবশেষে ছেলের মুক্তির খবরে নিঃসন্দেহে স্বস্তি এসেছে কিং খানের পরিবারে।
উল্লেখ্য, আরিয়ানের সঙ্গে তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকেও জামিন দিয়েছেন আদালত। তারাও একই সময়ে মুক্তি পাবেন।
ইত্তেফাক/বিএএফ
