ব ই আ লো চ না

কোন পথে গতিশীল রয়েছে বাংলাদেশের অর্থনীতি

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:২২

অর্থনীতি, উন্নয়ন ও অর্থনৈতিক দর্শন সাধারণ পাঠকের কাছে সহজ বিষয় নয়। কিন্তু যাঁর লেখনিতে বিষয়গুলো সহজ-সরলভাবে উপস্থাপিত হয়েছে তিনি নিঃসন্দেহে অনন্য। কেউ যদি মুদ্রানীতি, শেয়ারবাজার, প্রবৃদ্ধি প্রভৃতি নাও জানেন তাতেও কোনো সমস্যা হবে না বোধগম্য করে লেখা প্রবন্ধগুলো পড়ে। প্রকৃতপক্ষে ২৯৫ পৃষ্ঠার ‘গতিময় অর্থনীতি’ পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলমের চিন্তন মনস্কতা ও উন্নয়ন অভীপ্সার অন্যতম প্রকাশনা।

ড. শামসুল আলম মনে করেন দেশের অর্থনীতি গত এক যুগে অনেক গতিময়তা পেয়েছে। এসব উন্নত পরিকল্পনা বাস্তবায়ন ও অর্থনীতির উন্নয়নের পথে যা যা করা হয়েছে সেই বিষয় বিভিন্ন প্রবন্ধে সুন্দরভাবে উপস্থাপিত। তিনি ৪৮টি প্রবন্ধের মাধ্যমে উন্নয়নের চিত্র ও অন্যান্য কথামালা ফুটিয়ে তুলেছেন। তথ্যবহুল প্রবন্ধগুলো গবেষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

লেখক ড. শামসুল আলম নিজে কৃষি অর্থনীতিবিদ হওয়াতে কৃষি ও কৃষকদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। মূলত তিনি বাংলাদেশের মানুষের অর্থনীতির ইতিহাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভবিষ্যত্ অর্থনীতি কোন পথে হাঁটছে সেসব বিষয় সুন্দর ও তথ্যবহুল আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন ‘গতিময় অর্থনীতি’ বইয়ের প্রত্যেকটি প্রবন্ধে। বাংলাদেশের অর্থনীতির জানা-অজানা নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। কোন পথে বাংলাদেশের অর্থনীতি গতিশীল রয়েছে এবং কোন ভস্ম থেকে উঠে এসে বাংলাদেশের অর্থনীতি আজ বিশ্বের ৪৩তম বৃহত্ অর্থনীতির দেশ—সেই চিত্র বর্ণনা করা হয়েছে।

বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার ২১ দিনের মাথায় বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা করেন, যা ভারতের লেগেছিল তিন বছর এবং পাকিস্তানের লেগেছিল ছয় বছর এবং এক বছরের মধ্যেই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন। স্বাধীনতার শুরুতে রাষ্ট্রীয় কোষাগার শূন্য থাকা সত্ত্বেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দূঢ় মনোবল নিয়ে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের ভিত তৈরি করেন। অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশে একইসঙ্গে বদ্বীপ পরিকল্পনা ২১০০, রূপকল্প ২০৪১ এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান। এ তিনটি পরিকল্পনায় অবদান আলোচ্য বইয়ের লেখক শামসুল আলমের পরিকল্পনা। 

আলোচ্য গ্রন্থটি তাঁর মৌলিক স্বরের জন্য পাঠককে সবসময় আকৃষ্ট করবে বলে মনে করি।

 

গতিময় অর্থনীতি

আলোঘর প্রকাশনা

প্রচ্ছদ : শতাব্দী জাহিদ

মূল্য : ৮৫০ টাকা