সম্প্রীতি!

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২১:২২

আরতির গন্ধ যাচ্ছে আক্রামের ঘরে,

আজানের ধ্বনি যাচ্ছে অমলের গৃহে,

ইহাকে আমরা সম্প্রীতি বলি।

 

একদিন নিভে গেল—তুলসীতলার

তিন পুরুষের দীপ

একদিন সূর্য ডুবে এলো ঘন-অন্ধকার

একদিন কাঁটাতারের ওপার হতে

হাতছানি দেয় কে?

 

সাত বছর হয়ে গেল অমলের ঘরে

কেউ আর থাকে না,

চারিদিকে শ্যাওলার আস্তরণ,

জলহীন তুলসীগাছ শুকিয়ে চৌচির,

তুলসীতলার অনাবাদি গাছগুলো আজ

শিকড় গেড়েছে মাটির গভীরে,

আজানের সুর অমলের ভাঙা ঘরের ফাঁক দিয়ে

বাইরে চলে যায়...

একার সমাজকে কেউ কখনো প্রীতি বলে না,

একার রাষ্ট্রকে কেউ কখনো সম্প্রীতি বলে না।

[বরিশাল]