ঘর শব্দটির সাথে আজকাল ঘোর বিবাদ
চার দেয়াল চারপাশ থেকে চেপে ধরে আমায়
দৌড়ে পালাই ঘর থেকে দোরে
দোর থেকে পাতাদের সংসারে
মূহ্যমান এই আমাকে
প্রাণপ্রাচুর্যে ভরিয়ে তোলে রৌদ্রের ঘ্রাণ।
উদোম পায়ে শিশির ভেজা ঘাস মাড়িয়ে
যাই দূর বহুদূর
প্রাগৈতিহাসিক আদি বুনো ফুলেদের কাছে
কখনো ফিরে আসি আলপথে
সরষে ফুলের রং থেকে মৌ শুষে নিতে
প্রজাপতির হাজার রং ছুঁয়ে থাকে
মনের বাতিঘর।
ফিরিনি আর সেই বিরান ভিটায়
রংহীন বর্ণ ঘিরে থাকা ঘরে
ঘরের সাথে সম্পর্ক আমার কেবলই
অর্থহীন কিছু শব্দগুচ্ছ।
ঐ শব্দটি আর আমায় টানে না কাছে।
