ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন হাওলাদারের জারি করা ‘সুন্নতি’ ও ‘ডিফেন্স কাটিং’ চুল কাটার আদেশ এখনো জারি রয়েছে।
গত ২৫ অক্টোবর তিনি এ আদেশ জারি করেন। সেখানে বলা হয়েছে, কেউ তার আদেশের বিরুদ্ধে চুল কাটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২৭ অক্টোবর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে বিকালে তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। এর ঘণ্টা খানেকের মধ্যেই সেই পোস্ট ডিলিট করে দেন। বুধবার বিকাল থেকেই তার ফোন বন্ধ রয়েছে। এদিকে এলাকার মানুষ এ অবৈধ আদেশ জারির ঘটনায় ক্ষুব্ধ হলেও আওয়ামী লীগের এই নেতার ভয়ে কেউ মুখ খুলছেন না। ঐ ইউনিয়নের কোনো সেলুন মালিক বা কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, তিনি তিন-চার মাস আগে চেয়ারম্যান হয়েছেন। এ কারণে হয়তো অনেক কিছুই বুঝে উঠতে পারেননি, তাই এমনটা হয়েছে।
