চীনের হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা সফল এবং তা আমেরিকার উদ্বেগ বাড়িয়েছে বলে স্পষ্ট করে জানালেন মার্কিন জেনারেল মার্ক মিলি। তিনি জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান। তিনিই পেন্টাগনের প্রথম সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা স্বীকার করলেন। খবর ডয়চেভেলের
ব্লুমবার্গ টিভিকে মার্ক মিলি বলেছেন, ‘হাইপারসনিক অস্ত্র পরীক্ষার ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চিন্তাজনক। তিনি বলেছেন, ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যেমন স্পুটনিক মহাকাশে পাঠিয়েছিল, এ-ও তেমনই ঘটনা কি না তা আমার জানা নেই। তবে তার খুব কাছাকাছি ঘটনা তো বটেই।’ সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৫৭ সালে স্পুটনিক মহাকাশে পাঠায়। তাতে আমেরিকা অবাক হয়ে যায়। তাদের তখন ভয় ছিল, রাশিয়া তাদের অস্ত্র প্রতিযোগিতায় ও প্রযুক্তিতে পেছনে ফেলে দেবে।
কেন হাইপারসনিক অস্ত্র গুরুত্বপূর্ণ
কয়েক দিন আগেই মার্কিন সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস জানিয়েছিল, জুলাইতে চীন হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা করেছে। এটা পৃথিবীকে চক্কর দিয়ে আবার বিশ্বের আবহমণ্ডলে ঢোকে। হাইপারসনিক অস্ত্র শব্দের থেকে পাঁচগুণ বেশি গতিতে যায়। ফলে তা রাডারে ধরা শক্ত এবং তার মোকাবিলা করা কঠিন। ভবিষ্যত্ যুদ্ধের ক্ষেত্রে এই অস্ত্র মারাত্মক হয়ে উঠতে বাধ্য। তাই আমেরিকা খুবই উদ্বিগ্ন। আমেরিকাও হাইপারসনিক অস্ত্র বানাবার চেষ্টা করছে। কিন্তু চীন যে পর্যায়ে সফল হয়েছে, আমেরিকা ততদূর পৌঁছাতে পারেনি। মিলি বলেছেন, প্রযুক্তিগত দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তাই তা আমাদের মনোযোগ আকর্ষণ করেছে।’
