যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও পশ্চিম তীরে বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলের

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১০:৪৪

মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা সত্ত্বেও পশ্চিম তীরে বসতি নির্মাণে অনড় অবস্থানে ইসরায়েল। ফিলিস্তিনি ভূমিতে তিন হাজারের বেশি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে তারা।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি পরিকল্পনা কমিটি পশ্চিম তীরে ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণ ও ১ হাজার ৮০০ বসতি স্থাপনের প্রাথমিক অনুমোদন দিয়েছে।

Israeli court says Sheikh Jarrah residents must 'reach agreement' with the  settlers trying to evict them – Mondoweiss

মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদন পাবে কি না, তা এখন অনেকটাই নির্ভর করছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের ওপর। ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সরকার বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক এবং বিভিন্ন রাজনৈতিক সীমাবদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।

গত সপ্তাহে পশ্চিম তীরে নতুন করে ১ হাজারের বেশি বাড়ি নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল। এ বিষয়ে নাফতালি বেনেট সরকারের আবাসনমন্ত্রী জিব এলকিন বলেন, পশ্চিম তীরে ইহুদিদের উপস্থিতি বাড়ানো অপরিহার্য হয়ে পড়েছে। তাদের সরকার সেই লক্ষ্যেই এগোচ্ছে।

স্বাভাবিকভাবেই এর তীব্র বিরোধিতা করছেন ফিলিস্তিনিরা। তবে অনেকটা নজিরবিহীনভাবে এবার ইসরাইলি কর্মকাণ্ডের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রও। বাইডেন প্রশাসনের প্রকাশ্যে বিরোধিতার পরেও ইসরাইল পশ্চিম তীরে বসতি নির্মাণে অনড় থাকায় দুই পুরোনো মিত্রের মধ্যে সম্পর্কে টানাপড়েনের আশঙ্কা করছেন অনেকে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা যেমন বলেছি, মার্কিন প্রশাসন (পশ্চিম তীরে) বসতি সম্প্রসারণের ঘোর বিরোধী।’

ইত্তেফাক/টিআর