ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, আখাউড়া ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষ থেকে হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এই অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করেন।
একই দিনে কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে হাই কমিশনার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সগুলি চিকিৎসার জন্য হাসপাতালগামী রোগীদের মানসম্মত জরুরীসেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট প্রদান করতে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের সাহায্য করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চ মাসে তার বাংলাদেশ সফরকালে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। তার অংশ হিসেবে অ্যাম্বুলেন্সগুলো প্রদান করা হলো।
ইত্তেফাক/ইউবি
