মাদক মামলায় তিন সপ্তাহ জেলে থাকার পর বৃহস্পতিবার জামিন পেয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শুক্রবার তার জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জামিনের নথি মুম্বাইয়ের আর্থার রোডের জেলে না পৌঁছানোয় আজও মুক্তি মিললো না আরিয়ানের।
শুক্রবার আরিয়ানের জেল থেকে ছাড়া পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। ১ লাখ টাকার বন্ডে তার জামিনদার হয়েছিলেন জুহি চাওলা। ছেলেকে আনতে জেল গেটে গিয়েছিলেন শাহরুখ। কিন্তু সময় মতো বিশেষ আদালতে আরিয়ানের জামিনের নথি পৌঁছায়নি। এ কারণে শুক্রবার জেলেই থাকতে হচ্ছে শাহরুখপুত্রকে। শনিবার সকালে হয়তো ছাড়া পাবেন আরিয়ান।
জামিনের নির্দেশের পরেও বেশ কিছু নিয়মকানুন থাকে। যার মধ্যে অন্যতম বম্বে হাইকোর্টের জামিনের রায়ের একটি কপি জমা দিতে হবে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে। তার পরে বিশেষ আদালত আরিয়ানের রিলিজ অর্ডার জারি করবে। সেই নথি আবার আর্থার রোড জেলের বাইরে ‘বেল বক্স’-এ নিয়ে যেতে হবে। সেখানে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তা পৌঁছাতে হবে। কিন্তু বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিশেষ আদালতে পৌঁছায়নি আরিয়ানের রায়ের কপি।
কারাগারে অন্যান্য কয়েদির মতোই থাকতে হয়েছে আরিয়ানকে। কোনোরকম বিশেষ সুবিধা দেওয়া হয়নি। এমনকি তার জন্য বাইরে থেকে খাবার পর্যন্ত পাঠানো যায়নি। জেলের ভেতরে মাসিক সাড়ে ৪ হাজার রুপি ভিত্তিতে খাবার খেয়েছেন আরিয়ান।
ইত্তেফাক/ইউবি
