আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, সংখ্যালঘুদের ব্যাপারে যে কমিশন গঠনের দাবি উঠেছে তাতে নীতিনির্ধারকদের (কালেক্টিভ) সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। এটি আমার একার সিদ্ধান্তের ব্যাপার নয়। আমি বলতে চাই, কুমিল্লার হামলাকে সাম্প্রদায়িক হামলা বলে ধরে নেওয়া ঠিক হবে না। কুমিল্লার ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছিল। আমি অত্যন্ত দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়। গতকাল শুক্রবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারত সরকারের দেওয়া দুইটি অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিবে না। তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশ জীবিত থাকবে, ততদিন পর্যন্ত জীবিত থাকবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দুরাইস্বামী।
বিক্রম কুমার দুরাইস্বামী বলেন, ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই অ্যাম্বুলেন্সগুলো প্রদান করা হয়েছে। তিনি বলেন, কোভিডের দ্বিতীয় তরঙ্গের সময়ে ভারতের প্রয়োজনে বাংলাদেশও ভারতের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে জনস্বাস্থ্য ও জনগণের কল্যাণের জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
