জলবায়ু সম্মেলন শুরু কাল

এ সম্মেলন থেকে ভবিষ্যত্ প্রজন্মকে দৃঢ় আশা দেওয়ার আহ্বান পোপ ফ্রান্সিসের

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০০:২৯

যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম শহর গ্লাসগোতে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬। এ সম্মেলনকে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় এড়ানোর শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তাই সম্মেলন শুরুর আগে বিশ্ব নেতাদের ‘কার্যকর প্রতিক্রিয়া’ দেখানোর এবং ভবিষ্যত্ প্রজন্মকে দৃঢ় আশা দেওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জন্য রেকর্ড করা এক বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন। 

বার্তায় পোপ ফ্রান্সিস করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করেন। তিনি জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশেষভাবে জোর দিয়ে বলেন, এ গ্রহের জন্য দায়িত্বের একটি নতুনবোধ জাগ্রত করা উচিত। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার যে অঙ্গীকার ছিল তা পূরণ হচ্ছে না। ধারণা করা হয়েছিলো, গ্লাসগো সম্মেলনে যোগ দিয়ে পোপ ফ্রান্সিস নজির স্থাপন করবেন। তবে সম্প্রতি ভ্যাটিকান জানিয়েছে, পোপ সম্মেলনে যাচ্ছেন না।

এদিকে সম্মেলনের আগে চীন তাদের সংশোধিত জলবায়ু অঙ্গীকার জাতিসংঘে পেশ করেছে। তারা বলেছে, ২০৩০ সালের মধ্যে চীনের কার্বন ডাই অক্সাইড নিঃসারণ শীর্ষ পর্যায়ে পৌঁছবে এবং ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসারণ শূন্য হবে। তবে সমালোচকরা বলছে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসারণকারী দেশকে আরো পদক্ষেপ নিতে হবে।