সুযোগ পেলেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেন নুসরাত ইমরোজ তিশা। গতকাল তার অভিনীত ‘কিন্তু, যদি এমন হতো?’ মুক্তি পেয়েছে। স্বল্পদৈর্ঘ্যটির অভিনব ব্যাপার হচ্ছে, এর দর্শক তার ইচ্ছানুযায়ী শর্টফিল্মটিকে কয়েক ধরনের পরিণতি দিতে পারবেন। তিশার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।
এ শর্টফিল্মে নিজের চরিত্র প্রসঙ্গে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘ইচ্ছে থাকা সত্ত্বেও শুটিংয়ের ব্যস্ততার কারণে সাধারণত শর্টফিল্মে খুব একটা কাজ করতে পারি না। কিন্তু এ শর্টফিল্মের নতুনত্বের কারণে আমি সাথে সাথেই রাজি হয়ে যাই। এখন বাকিটা দর্শকদের ওপরে। চলচ্চিত্রে গল্প বলার ধরনে পরিবর্তন আনার ক্ষেত্রে এটা একটা দারুণ সূচনা। এ শর্টফিল্মের অংশ হতে পেরে আমি আনন্দিত।’
সিনেমায় প্রযুক্তির বিবর্তনের নতুন সংযোজন ইন্টারঅ্যাকটিভ স্টোরি টেলিং। এক্ষেত্রে দর্শকদের জন্য সুযোগ থাকে গল্পের কোনো এক মুহূর্তে কাহিনি নিজের মতো নির্বাচনের। যেখানে দর্শক তার পছন্দ অনুযায়ী গল্প শেষ করতে পারবেন। ১৯৬৭ সালে মুক্তি পাওয়া চেকস্লোভিয়ার চলচ্চিত্র ‘কিনোঅটোম্যাট’ বিশ্বের প্রথম ইন্টারঅ্যাকটিভ চলচ্চিত্র, যা সম্প্রতি ধারণ করা হয়েছে টিভি সিরিজ ব্ল্যাক মিরর-এর ‘ব্যান্ডারস্ন্যাচ’-এ।
এটি পরিচালনা করেছেন ইমরান ইমন।
