সনি সিনেমা হলে স্টার সিনেপ্লেক্স

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২০

অত্যাধুনিক ডিজিটাল মেশিন, স্ক্রিন ও আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের জায়গায় নতুন করে চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা।

গত ১১ ফেব্রুয়ারি সনি সিনেমা হলের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের ১৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে স্টার সিনেপ্লেক্স আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান ও সনি সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

মাহবুুবুর রহমান বলেন, ‘আমরা পর্যালোচনা করে দেখেছি মিরপুর থেকে প্রচুর দর্শক স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে আসেন। তাদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে আমরা সেখানে সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন করার উদ্যোগ নিই। কিন্তু পরবর্তীতে সনি সিনেমা হলের জায়গাটি আমাদের উপযুক্ত মনে হয়েছে। তাই সেখানেই নতুন সিনেপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’ মোহাম্মদ হোসেন বলেন, ‘সনি সিনেমা হল ভবনকে নতুনরূপে ঢেলে সাজানো হয়েছে। নতুন করে ভবনটির নাম রাখা হয়েছে সনি স্কয়ার। আর এখানেই তিনটি হল নিয়ে স্টার সিনেপ্লেক্স সনি চালু হবে।’

ঈদুল আজহা উপলক্ষে স্টার সিনেপ্লেক্স সনির যাত্রা শুরু হতে পারে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।