বরিশালের বিভিন্ন স্থানে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:২৮

বরিশাল অফিস

বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল এবং নগরীর চৌমাথা এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘আর নয় সড়কে মৃত্যু, পথিকের পথ চলা হোক শান্তি ও নিরাপদ’ স্লোগান নিয়ে ‘লাভ ফর ফ্রেন্ডস’ নামে একটি যুব সংগঠনের ব্যানারে নগরীর চৌমাথা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাকারিয়া হূদয়, সাদাব সায়ীদ, মেহেদি হাসান, ফারজানা আক্তার, সুলতানা মিম ও মাহমুদুল হক। এ সময় বক্তারা বলেন, নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এবং চৌমাথা এলাকায় যানবাহনের চাপ সারা দিনই লেগে থাকে। এসব এলাকার জনসাধারণ নির্বিঘ্নে পথ চলতে এবং পারাপার হতে পারে না। সড়ক পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় নিহত হয়। এসব এলাকার জনগণের নিরাপদ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট সব জায়গায় ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান বক্তারা।