নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ বাজার মুংরইল এলাকার একটি ধান ক্ষেত থেকে বিষধর ‘রাসেল ভাইপার’ নামক আরও একটি সাপ ধরা পড়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় কৃষকরা ওই সাপটি ধরে বস্তাবন্দী করে। যার দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ ফুট। তাৎক্ষণিক সাপের ছবি জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্লা রেজাউল করিমকে দেখালে ছবি দেখে তিনি ‘রাসেল ভাইপার’ সাপ বলে নিশ্চিত করেন। এই সাপের আরেক নাম চন্দ্র বোড়া।
জানা গেছে, রবিবার ওই গ্রামের একদল কৃষক ধানক্ষেতে ধান কাটতে কৃষকরা সাপটিকে দেখতে পায় সাপটি নড়াচড়া করছিল দেখে শরিফ নামে এক কৃষক হাত দিয়ে সাপটিকে ধরে বস্তাবন্দী করে এবং সঙ্গে সঙ্গে তারা জবই বিল জীব বৈচিত্র সংরক্ষণ কমিটি ও বিবিসিএফ সংগঠনের সদস্যদের জানালে সংগঠনের সদস্যরা গিয়ে বস্তা থেকে সাপটি ধরে একটি কলসের মধ্যে সংরক্ষণ করেন।
এ বিষয়ে জবই বিল জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান জানান, কিছুদিন আগে এ রকম আরেকটি সাপ ধরে রাজশাহী বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি।
এ বিষয়ে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্লা রেজাউল করিম জানান, আমি সাপটি ফেসবুকে দেখেছি। কিছুদিন আগেও ওই এলাকায় এ রকম একটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির নাম ‘রাসেল ভাইপার’। সাপটি খুবই বিষাক্ত। এ সাপ যাকে ছোবল মারে সাথে সাথে তার মৃত্যু হয়। সাধারণত বরেন্দ্র অঞ্চলে এ জাতীয় সাপের বিস্তার দেখা গেছে। রাজশাহী অঞ্চলে দিন দিন এর বিস্তার বাড়ছে।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, এর আগে উদ্ধার সাপটি আমরা নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে জমা দিলে তারা এ রকম সাপ আর নিতে নিষেধ করেছে তাই আমরা এ রকম সাপ আর নিব না বরং যেখানে জনবসতি নেই এমন কোন স্থানে সাপটি অবমুক্ত করা যায় কিনা সে বিষয়টা ভেবে দেখতে হবে এবং সেখানে অবমুক্ত করতে হবে।
ইত্তেফাক/বিএএফ
